
দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-১৭ ফুটসাল চ্যাম্পিয়নশিপে আবারও শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে আর্জেন্টিনা। রোমাঞ্চকর ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আলবিসেলেস্তেরা। এই জয়ের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো মহাদেশীয় এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা।
প্যারাগুয়ের লুকের কনমেবল সুমা কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আক্রমণাত্মক ফুটসাল দিয়ে ম্যাচ শুরু করে আর্জেন্টিনা। প্রথমার্ধের ৮ মিনিটে টমাস বারিউসের গোলে এগিয়ে যায় তারা।
গোল হজমের পর দ্রুত সমতায় ফেরার চেষ্টা করে ব্রাজিল। একের পর এক আক্রমণ চালালেও প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি সেলেসাওরা। বিরতির পর অবশ্য ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি ব্রাজিল।
দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে লুকার গোলে সমতায় ফেরে ব্রাজিল। এরপর জয়সূচক গোলের জন্য দুই দলই মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে। আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের উত্তেজনা বাড়লেও নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি।
ফলে ম্যাচের নিষ্পত্তির জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে আর্জেন্টিনার হয়ে গুরুত্বপূর্ণ গোলটি করেন লরেঞ্জো সামপ্রেদ। তাঁর গোলেই শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিশ্চিত করে আর্জেন্টিনা।
এর ফলে ব্রাজিলকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ ফুটসালে টানা তৃতীয়বারের মতো দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। ২০২২ ও ২০২৪ সালের পর এবারও শিরোপা নিজেদের দখলে রাখল দলটি।