
সারা দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২৫ হাজার ৬০১ জন। তাদের মধ্যে চলতি আগস্ট মাসেই হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ২৯১ জন। এর আগে জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন এবং জুনে ২ হাজার ৯০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন ও খুলনা বিভাগে। উভয় এলাকায় ১৩৫ জন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৬ জন এবং বরিশাল বিভাগে ৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৯৪, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৫১, ময়মনসিংহ বিভাগে ৬১, রাজশাহী বিভাগে ৪৬, রংপুর বিভাগে ২৪ এবং সিলেট বিভাগে তিনজন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭৪ জনের। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ২০ জন।
বিশেষজ্ঞদের মতে, বর্ষা মৌসুমে এডিস মশার প্রজনন বাড়ায় ডেঙ্গুর সংক্রমণের ঝুঁকিও বৃদ্ধি পায়। তাই ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি ব্যক্তিগতভাবে সতর্ক থাকা এবং জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।