
রাজবাড়ী প্রধান ডাকঘরের ৭৪ জন গ্রাহকের ১ কোটি ১২ লাখ ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ প্রকাশ্যে আসার পর প্রতিষ্ঠানটির প্রতি গ্রাহকদের আস্থায় সংকট তৈরি হয়েছে। আতঙ্কে অনেক গ্রাহক মেয়াদপূর্তির আগেই তাঁদের সঞ্চয়ের টাকা তুলে নিচ্ছেন।
জানা গেছে, গত জুলাই থেকে ১৭ আগস্ট পর্যন্ত শতাধিক গ্রাহক কয়েক কোটি টাকা তুলে নিয়েছেন। একই সময়ে প্রতিদিনই টাকা ফেরত পাওয়ার আশায় ভুক্তভোগী গ্রাহকরা রাজবাড়ী প্রধান ডাকঘরে ভিড় করছেন।
গ্রাহকদের টাকা আত্মসাতের অভিযোগের ঘটনায় রাজবাড়ী প্রধান ডাকঘরের সাবেক ভারপ্রাপ্ত পোস্টমাস্টার বিকাশ চন্দ্র বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বর্তমানে কুষ্টিয়া প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার হিসেবে কর্মরত ছিলেন।
একই ঘটনায় আরও ছয় কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কুষ্টিয়া প্রধান ডাকঘরের পোস্টমাস্টার আবুল কালাম আছাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ৪ আগস্ট দক্ষিণাঞ্চল খুলনার পোস্টমাস্টার জেনারেল (চলতি দায়িত্ব) কবির আহমেদ স্বাক্ষরিত অফিস আদেশে বিকাশ চন্দ্র বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে ও সরকারি কাজের স্বার্থে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণের দায়ে একই বিধিমালার ১২ ধারা মোতাবেক তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ঘটনার পর রাজবাড়ী প্রধান ডাকঘরের গ্রাহকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। অনেকে মেয়াদপূর্তির আগেই সঞ্চয়ের টাকা তুলে নেওয়ায় প্রতিষ্ঠানটির ওপর গ্রাহকদের আস্থার বিষয়টিও নতুন করে আলোচনায় এসেছে।