
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে এক দিনে ১ হাজার ৬৮৪টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
রোববার দিনভর রাজধানীর আটটি ট্রাফিক বিভাগে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। সোমবার (১৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
ডিএমপির তথ্য অনুযায়ী, অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগে। সেখানে ৩৯৮টি মামলা দায়ের করা হয়। এ সময় ২৫টি বাস, ১৯টি ট্রাক, ৪৫টি কাভার্ড ভ্যান, ৩১টি সিএনজি ও ১৮৫টি মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন মামলার আওতায় আসে।
এ ছাড়া ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৫৩টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ২৩৭টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৭২টি, ট্রাফিক-গুলশান বিভাগে ১৬৮টি, ট্রাফিক-রমনা বিভাগে ১৫৪টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫২টি এবং ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৫০টি মামলা দায়ের করা হয়েছে।
অভিযান চলাকালে ট্রাফিক আইন অমান্য করায় মোট ৬৩১টি গাড়ি ডাম্পিং এবং ৩১৫টি গাড়ি রেকার করা হয়।
রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনা ও যান চলাচল নিরাপদ রাখতে ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।