
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া মো. রাজন (৩৪) নামের এক কয়েদির ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী মো. রাজীব হোসেনসহ কয়েকজন কারারক্ষী অসুস্থ অবস্থায় রাজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।
পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তবে মো. রাজন কোন মামলায় বন্দি ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তাঁর বাবার নাম মৃত নুরুল ইসলাম।
কারাগারে অসুস্থ হওয়ার পর হাসপাতালে নেওয়া হলেও তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।