
বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বহুল প্রতীক্ষিত বদলি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চূড়ান্ত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
মাউশির নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, বিজ্ঞপ্তি প্রকাশের পরদিন শুক্রবার (২১ আগস্ট) থেকে শিক্ষকদের বদলি আবেদনের প্রক্রিয়া শুরু হবে। আবেদন গ্রহণ চলবে ২৭ আগস্ট পর্যন্ত।
মাউশি সূত্র জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) বদলির খসড়া বিজ্ঞপ্তিটি চূড়ান্ত অনুমোদন পেতে পারে। অনুমোদন পাওয়ার পর ২০ আগস্ট বা তার আগেই মাউশির ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।
মাউশির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শিক্ষকদের বদলি আবেদন গ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়েই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এদিকে বদলি আবেদনকে কেন্দ্র করে অনেক শিক্ষক এখনো ইউজার আইডি ও পাসওয়ার্ড না পাওয়ার অভিযোগ করেছেন। এ সমস্যা সমাধানে মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১১টায় মাউশিতে একটি জরুরি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সভায় মাউশির সাবেক উপপরিচালক ইউনুছ ফারুকি এবং কারিগরি সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটকের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ইউজার আইডি ও পাসওয়ার্ড সংক্রান্ত সমস্যা সমাধানে সভায় সম্ভাব্য দুটি পদ্ধতি নিয়ে আলোচনা হবে।
এর মধ্যে একটি হলো—গুগল ফরমের মাধ্যমে ভুক্তভোগী শিক্ষকদের তথ্য সংগ্রহ করা। অন্যটি হলো—জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে সংশ্লিষ্ট জেলার শিক্ষকদের ইউজার আইডি ও পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া।
সভায় আলোচনার পর যেকোনো একটি পদ্ধতি কার্যকর করে দ্রুত প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে মাউশি।