প্রিন্ট এর তারিখঃ Aug 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 16, 2026 ইং
গোমস্তাপুরে ১৩ বছরের কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ফারজানা নামে ১৩ বছরের কিশোরীর আত্মহত্যা
ফারুক হোসেন ডন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিজ বাড়ি থেকে ফারজানা খাতুন (১৩) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত ফারজানা খাতুন ওই গ্রামের বাবলুর মেয়ে। তার মায়ের নাম পারুল বেগম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নাস্তা খাওয়ার পর ফারজানা বাড়িতে একা ছিল। এ সময় তার বাবা-মা বাড়ির বাইরে যান। পরে সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে তারা বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। ফারজানাকে নাম ধরে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন তারা।
এ সময় ঘরের তীরের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ফারজানাকে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। পরে স্বজনরা তাকে নিচে নামিয়ে দেখেন, সে মারা গেছে।
খবর পেয়ে গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। বর্তমানে মরদেহ পরিবারের বাড়িতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দ্যা ডেইলি কসমিক পোষ্ট । বাংলা