
কুষ্টিয়ার ভেড়ামারায় ১৫ আগস্ট উপলক্ষে দলীয় নেতাকর্মীদের সংগঠিত করে খিচুড়ি রান্নার আয়োজনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের দুই নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কুচিয়ামোড়া বাজারসংলগ্ন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সহসভাপতি সোহেল রানা পবন এবং তাঁর ভাই বাহাদুরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুবেল মাহমুদ রতন।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রয়াণ দিবসকে কেন্দ্র করে ওই দুই নেতা গোপনে দলীয় নেতাকর্মীদের সংগঠিত করছিলেন। পাশাপাশি এলাকায় খিচুড়ি রান্নার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ বিষয়ে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ জাহেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
১৫ আগস্টকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। এরই মধ্যে ভেড়ামারায় দলীয় নেতাকর্মীদের সংগঠিত করার অভিযোগে দুই নেতাকে আটকের ঘটনা ঘটল।