
ফুটবল মাঠে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তবে মাঠের বাইরের মানবিক মুহূর্তে সেই প্রতিদ্বন্দ্বিতা যে কোনো বাধা নয়, সেটিই যেন আবারও প্রমাণ করলেন রোনালদো। মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আবেগঘন পোস্টে সহমর্মিতা জানিয়ে নতুন রেকর্ড গড়েছেন পর্তুগিজ তারকা।
মেসির পোস্টে রোনালদো তাঁর ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শক্ত থাকার বার্তা দেন। রোনালদোর সেই মন্তব্য প্রকাশের তিন দিনেরও কম সময়ের মধ্যে ৬৫ লাখের বেশি লাইক পেয়েছে। এর মাধ্যমে ইনস্টাগ্রামের ইতিহাসে কোনো একক কমেন্টে সর্বোচ্চ লাইক পাওয়ার রেকর্ড গড়েছে মন্তব্যটি।
এর আগে এই রেকর্ডটিও ছিল রোনালদোর দখলে। ২০২৪ সালে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়ে একটি মন্তব্য করেছিলেন রোনালদো। সেই মন্তব্যে তিনি এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে জ্বলে উঠতে দেখার অপেক্ষার কথা জানিয়েছিলেন। ২০২৫ সালের শেষ দিকে ওই মন্তব্যটি ৬০ লাখ লাইক অতিক্রম করে।
নতুন মন্তব্যে আগের রেকর্ড ভেঙে যাওয়ায় আবারও আলোচনায় উঠে এসেছে রোনালদোর সামাজিক যোগাযোগমাধ্যমের জনপ্রিয়তা। তবে এবারের ঘটনাটির গুরুত্ব শুধু সংখ্যার বিচারে নয়; মেসির শোকের মুহূর্তে রোনালদোর প্রকাশ্য সমবেদনা দুই তারকার ভক্তদের কাছেও বিশেষভাবে প্রশংসিত হয়েছে।
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দুই তারকার মধ্যে মাঠের প্রতিদ্বন্দ্বিতা বহু বছর ধরে সমর্থকদের আগ্রহের কেন্দ্রে। কিন্তু মেসির ব্যক্তিগত শোকের সময়ে রোনালদোর এমন সহমর্মিতার প্রকাশ ফুটবলের বাইরেও তাঁদের পারস্পরিক সম্মান ও মানবিকতার দিকটি সামনে এনেছে।
রোনালদোর মন্তব্যে রেকর্ডসংখ্যক লাইক পাওয়ার ঘটনাটি তাই শুধু ইনস্টাগ্রামের একটি নতুন মাইলফলক নয়, বরং দুই মহাতারকার ভক্তদের মধ্যে সৌহার্দ্য ও সংহতিরও একটি উল্লেখযোগ্য উদাহরণ হয়ে উঠেছে।