
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হবে। নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সূচি পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি জানান, শিক্ষার্থীদের মূল্যবান সময় সাশ্রয় এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এসএসসি পরীক্ষা বছরের শুরুতেই নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পাঠ্যসূচি শেষ করে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রস্তুত করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসএসসির টেস্ট বা নির্বাচনী পরীক্ষা আগামী ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা। এর ফলাফল ১৮ নভেম্বরের মধ্যে প্রকাশ করতে হবে। ফলে টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর ২০২৭ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা প্রায় দুই মাস সময় পাবে।
তবে আগের তুলনায় এবার প্রস্তুতির সময় কিছুটা কমে আসছে। সাধারণত নির্বাচনী পরীক্ষা শেষ হওয়ার পর এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা আড়াই থেকে তিন মাস সময় পেয়ে থাকে। এ কারণে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে প্রস্তুতির সময় নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ইতোমধ্যে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রি-টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। কিছু প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগেই পাঠ্যসূচি শেষ করে অক্টোবরের মাঝামাঝি সময়ে টেস্ট পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠান সরকারি শিক্ষাপঞ্জি অনুসরণ করে অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরের শুরুতে নির্বাচনী পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
শিক্ষকদের একটি অংশ বলছেন, সব প্রতিষ্ঠানের পক্ষে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে পাঠ্যসূচি শেষ করা সম্ভব নাও হতে পারে। বিশেষ করে শহরের বাইরের প্রতিষ্ঠানগুলোতে প্রস্তুতির সময় কমে গেলে শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান অবশ্য জানিয়েছেন, নির্ধারিত সময়ে পাঠ্যসূচি শেষ করে টেস্ট পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের প্রস্তুতিতে বড় ধরনের সমস্যা হবে না।
দীর্ঘদিন ধরে ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনা মহামারির পর সেই সময়সূচি আর বজায় রাখা সম্ভব হয়নি। ২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। শিক্ষাবর্ষের কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক করতেই ২০২৭ সালের পরীক্ষা জানুয়ারিতে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।