
নয়টি মামলায় জামিন পাওয়ার পর নতুন একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সৈয়দ মোনালিসা ইসলামকে। বুধবার (১২ আগস্ট) ঢাকার নিউ মার্কেট এলাকায় জুলাই আন্দোলনের সময় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন আদালত।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতে মোনালিসা ইসলামকে ভার্চুয়ালি গ্রেপ্তার দেখানো হয়। তার আইনজীবী তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার গত ৭ আগস্ট মোনালিসা ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানির জন্য বুধবার দিন ধার্য ছিল।
মোনালিসার আইনজীবী তরিকুল ইসলামের দাবি, মেহেরপুরের আটটি মামলা এবং ঢাকায় দুদকের করা একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন তার মক্কেল। তিনি কারামুক্ত হওয়ার প্রক্রিয়ায় থাকলেও নতুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর কারণে তার মুক্তি আটকে গেছে বলে দাবি করেন আইনজীবী।
মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল ৫টার দিকে জুলাই আন্দোলনের সময় ঢাকার নিউ মার্কেটের ১ নম্বর গেটের সামনে হামলাকারীদের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় নিহতের শ্যালক আব্দুর রহমান হত্যা মামলা করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়েছে। এর আগে গত বছরের ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে মোনালিসা ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।