
চাঁদে স্থায়ী মানবঘাঁটি নির্মাণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোকে (ISRO) তাদের ‘মুন বেস প্রোগ্রামে’ যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। মঙ্গলবার নয়াদিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে মহাকাশ গবেষণায় সহযোগিতা আরও বিস্তৃত করার উদ্যোগের অংশ হিসেবে এই আমন্ত্রণ জানানো হয়েছে। সম্প্রতি ভারতের বেঙ্গালুরুতে ইসরোর সদর দপ্তরে অনুষ্ঠিত ভারত-যুক্তরাষ্ট্র বেসামরিক মহাকাশ যৌথ কর্মদলের নবম বৈঠকেও দুই দেশের প্রতিনিধিরা মহাকাশ গবেষণা, বিজ্ঞান এবং মানব মহাকাশযান প্রযুক্তিতে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা করেন।
নাসার পরিকল্পনা অনুযায়ী, চাঁদের দক্ষিণ মেরুর কাছাকাছি একটি স্থায়ী মানবঘাঁটি নির্মাণ করা হবে, যেখানে নভোচারীরা দীর্ঘ সময় অবস্থান করে বৈজ্ঞানিক গবেষণা, অনুসন্ধান এবং নতুন প্রযুক্তির পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারবেন। সংস্থাটি এই প্রকল্পকে ‘মানবজাতির প্রথম চন্দ্রঘাঁটি’ হিসেবে উল্লেখ করেছে।
এ কর্মসূচির আওতায় একাধিক মানববাহী ও মানববিহীন মহাকাশ মিশনের মাধ্যমে চাঁদে দীর্ঘমেয়াদি মানব উপস্থিতির জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ শুধু চাঁদে গবেষণার নতুন দিগন্তই উন্মোচন করবে না, ভবিষ্যতে মঙ্গলসহ আরও দূরবর্তী মহাকাশ অভিযানের ভিত্তিও তৈরি করবে।
ভারতের অংশগ্রহণ নিশ্চিত হলে আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতায় নতুন মাত্রা যোগ হবে এবং নাসা-ইসরোর কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে।