
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ সুপারিশের ক্ষমতা বাতিল করে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হবে—এমন কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (১০ আগস্ট) শিক্ষামন্ত্রীর মিডিয়া সেলের ফেসবুক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় শিক্ষামন্ত্রী বলেন, ২০০৫ সালে প্রতিষ্ঠিত এনটিআরসিএর কার্যক্রম ও শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, দক্ষ ও কার্যকর করতে শিক্ষা মন্ত্রণালয় নিয়মিত পর্যালোচনা করছে। তবে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে শিক্ষক নিয়োগের বিষয়ে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি। এ বিষয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করারও আহ্বান জানান তিনি।
এর আগে গত ৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভার কার্যবিবরণীতে উল্লেখ করা হয়, এনটিআরসিএ ভবিষ্যতে শুধু শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কার্যক্রম পরিচালনা করবে এবং নিয়োগ সুপারিশের দায়িত্ব থাকবে না।
ওই কার্যবিবরণীতে আরও বলা হয়েছিল, ২০১৫ সালের আগে প্রচলিত ব্যবস্থায় ফিরে গিয়ে নিবন্ধিত প্রার্থীদের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ দেওয়া যেতে পারে। সভায় উপস্থিত কর্মকর্তারা এ বিষয়ে একমত হয়েছেন বলেও সেখানে উল্লেখ ছিল।
তবে শিক্ষামন্ত্রীর সর্বশেষ বক্তব্যে স্পষ্ট করা হয়েছে, এটি এখনো কোনো সরকারি সিদ্ধান্ত নয়। শিক্ষা মন্ত্রণালয় এনটিআরসিএর কার্যক্রম এবং শিক্ষক নিয়োগ ব্যবস্থা আরও কার্যকর ও স্বচ্ছ করার লক্ষ্যে বিভিন্ন বিষয় পর্যালোচনা করছে।
ফলে এনটিআরসিএর নিয়োগ সুপারিশ ব্যবস্থা বাতিল কিংবা ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগ চালুর বিষয়ে এখনো কোনো চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত হয়নি বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।