
নরসিংদীর রায়পুরায় চুরির অভিযোগে হৃদয় মিয়া (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার সহযোগী কামাল মিয়া (৩৫) গুরুতর আহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পাড়াতলী ইউনিয়নের সাচিয়াপাড়া এলাকায় সৌদি প্রবাসী আব্দুল সালামের বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সৌদি প্রবাসী আব্দুল সালাম প্রায় ১০ দিন আগে ছুটিতে দেশে আসেন। তার দেশে ফেরার খবর পেয়ে রবিবার দিবাগত রাতের দিকে স্থানীয় একটি চক্রের চার সদস্য তার বাড়িতে চুরি করতে যায় বলে অভিযোগ ওঠে। এ সময় হৃদয় মিয়া ও কামাল মিয়া বাড়ির একটি কক্ষে প্রবেশ করেন। চক্রের অপর দুই সদস্য বাইরে অবস্থান করছিলেন বলে স্থানীয় সূত্রের দাবি।
একপর্যায়ে বাড়ির সদস্যরা চোরের উপস্থিতি টের পেয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। পরে হৃদয় ও কামালকে আটক করে স্থানীয়রা মারধর করেন। এতে দুজনই গুরুতর আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা আক্তার জানান, সোমবার সকালে দুজনকে হাসপাতালে আনা হয়। হৃদয় মিয়া হাসপাতালে আনার আগেই মারা যান। কামালকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হৃদয় মিয়ার বিরুদ্ধে চুরি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ ছিল। প্রায় এক বছর আগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ তাকে কারাগারে নেওয়ার সময় হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান বলেও জানানো হয়েছে।
পাড়াতলী ইউনিয়ন পরিষদের সদস্য ফুল মিয়া জানান, হৃদয়কে নিয়ে এলাকায় আগে থেকেই বিভিন্ন অভিযোগ ছিল। কিছু সময়ের জন্য তিনি এলাকা ছেড়ে ঢাকায় চলে গিয়েছিলেন। পরে এলাকায় ফিরে আবারও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। জামিনে মুক্তির পর ফের চুরিতে জড়ানোর অভিযোগ ওঠে।
রায়পুরা থানার ওসি মো. মুজিবর রহমান জানান, চুরি করার সময় স্থানীয়রা দুজনকে আটক করে মারধর করেন। ভোরে খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে চুরি ও মাদকসহ বিভিন্ন অভিযোগ ছিল বলেও জানান তিনি।