
জামালপুরের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। প্রতিষ্ঠান তিনটি হলো সরিষাবাড়ী উপজেলার ছাপরকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামপুর উপজেলার কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয় এবং বকশীগঞ্জ উপজেলার শেফালী মফিজ মহিলা মাদরাসা। এর মধ্যে ইসলামপুরের কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয়ে ১১ জন শিক্ষক থাকলেও মাত্র তিনজন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।
মাধ্যমিক শিক্ষা অফিস ও শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয়টি এমপিওভুক্ত। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১১ জন শিক্ষক রয়েছেন। এবার বিদ্যালয়টি থেকে মাত্র তিনজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তবে তিনজনই অকৃতকার্য হয়েছে।
এবারই প্রথম এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে বিদ্যালয়টি। বিষয়টি নিশ্চিত করে ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মামুন-অর-রশীদ জানান, বিদ্যালয়টির তিন পরীক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।
সরিষাবাড়ী উপজেলার ছাপরকোনা মনিজা আবুল বালিকা উচ্চ বিদ্যালয়টিও এমপিওভুক্ত। প্রতিষ্ঠানটিতে চারজন শিক্ষক রয়েছেন। এবারের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ১১ জন শিক্ষার্থী অংশ নিয়েছিল। তবে তাদের একজনও উত্তীর্ণ হতে পারেনি।
সরিষাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, চারজন শিক্ষক থাকা প্রতিষ্ঠানটি থেকে ১১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করেনি।
অন্যদিকে, বকশীগঞ্জ উপজেলার শেফালী মফিজ মহিলা মাদরাসা থেকেও এবার ১৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তবে তাদের মধ্য থেকেও কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।
ফলে জামালপুরের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান এবার এসএসসি পরীক্ষার ফলাফলে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে। এর মধ্যে কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল সবচেয়ে কম—মাত্র তিনজন।