
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) সাবেক প্রধান মোহসেন রেজাইকে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নতুন প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (৯ আগস্ট) ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এ নিয়োগের তথ্য জানায়। কাউন্সিলের সচিবের পদ থেকে মোহাম্মদ বাঘের জুলঘাদর পদত্যাগ করার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন ৭১ বছর বয়সী রেজাই।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয়ের মুখপাত্র মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, জুলঘাদরের পদত্যাগের পর মোহসেন রেজাইকে কাউন্সিলের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে জুলঘাদর গত মার্চে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনিও আইআরজিসির সাবেক কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রোববার ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয় জানিয়েছে, জুলঘাদর এখন আয়াতুল্লাহ মোজতবা খামেনির রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
মোহসেন রেজাই ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আইআরজিসির প্রধান ছিলেন। তার নেতৃত্বের সময়ের বড় একটি অংশজুড়ে ইরান-ইরাক যুদ্ধ চলেছে। পরে তিনি ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ও রাজনৈতিক পদে দায়িত্ব পালন করেন।
একপর্যায়ে তিনি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। দীর্ঘ সামরিক ও রাজনৈতিক অভিজ্ঞতার কারণে ইরানের নিরাপত্তা ও কৌশলগত বিষয়ে রেজাইয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন রেজাই। গত জুলাইয়ে তিনি বলেছিলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ‘ডজনখানেক পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ’।
সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল ইরানের জাতীয় নিরাপত্তাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নীতি ও সিদ্ধান্তের সঙ্গে যুক্ত। এমন সময়ে রেজাইকে এ সংস্থার প্রধান করা হলো, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ও সংঘাত অব্যাহত রয়েছে।