
দীর্ঘ ১৪ মাস পর সিলেটে আবারও কোভিড-১৯ আক্রান্ত একজন রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তি আনসার মিয়া (৫৫), যার বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলায়। বর্তমানে তাকে সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদ্রোগের চিকিৎসার জন্য আনসার মিয়া সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি ছিলেন। এনজিওগ্রাম করার আগে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তার র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হলে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে স্থানান্তর করা হয়।
রোববার (৯ আগস্ট) রাতে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রোগীকে হাসপাতালের একটি পৃথক কেবিনে আইসোলেশনে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, করোনা মোকাবিলায় হাসপাতাল প্রয়োজনীয় প্রস্তুতি বজায় রেখেছে।
হাসপাতাল সূত্র আরও জানায়, ২০২৫ সালের ১৫ জুন সিলেটে সর্বশেষ দুইজন করোনা রোগী শনাক্ত হওয়ার পর দীর্ঘ সময় নতুন করে কোনো সংক্রমণের খবর পাওয়া যায়নি। প্রায় ১৪ মাস পর আবার নতুন রোগী শনাক্ত হওয়ায় স্বাস্থ্যসংশ্লিষ্টদের মধ্যে সতর্কতা ও উদ্বেগ বেড়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শ্বাসকষ্ট, জ্বর, কাশি বা সর্দির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করানো, প্রয়োজন হলে মাস্ক ব্যবহার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।