
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৩৫টি মামলা দায়ের করা হয়েছে। রবিবার (৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৪ জন, লালবাগে ৩৯ জন, ওয়ারীতে ৫৫ জন, মতিঝিলে ৭২ জন, তেজগাঁওয়ে ৬৬ জন, মিরপুরে ১৪৪ জন, গুলশানে ৪৭ জন, উত্তরা বিভাগে ৪০ জন এবং গোয়েন্দা বিভাগে সাতজন রয়েছেন।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২৯ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২২৫ পিস ইয়াবা, ৩৫ গ্রাম হেরোইন এবং ৪৮ বোতল এস্কাফ সিরাপ। পাশাপাশি ২২ রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ, একটি চাকু, একটি সুইচ গিয়ার, একটি কেঁচি ও একটি হ্যাক্সো ব্লেড উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া পুলিশের অভিযানে একটি পানির মোটর, পাঁচটি মোবাইল ফোন, একটি মানিব্যাগ, তিনটি ফয়েল পেপার, একটি গ্যাস লাইট, ১০ টাকার একটি নোট, মাদক বিক্রির ৮ হাজার ৭৫০ টাকা এবং একটি ইলেকট্রিক শর্ট দেওয়ার যন্ত্র উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত পৃথক অভিযানে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।