
অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দরের টারম্যাকে অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে জেটস্টার ও কাতার এয়ারওয়েজের দুটি উড়োজাহাজ। রবিবার বিমানবন্দরের টারম্যাকে এ ঘটনা ঘটে। শেষ মুহূর্তে উভয় উড়োজাহাজ থামানো সম্ভব হলেও ঘটনায় একজন কেবিন ক্রু আহত হয়েছেন। একই সঙ্গে কাতার এয়ারওয়েজের উড়োজাহাজের সামনের অংশেও ক্ষয়ক্ষতি হয়েছে।
অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) জানিয়েছে, জেটস্টারের একটি এয়ারবাস এ৩২০ উড়োজাহাজ কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টের উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় সেটি একটি ক্রসিং ট্যাক্সিওয়ে দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে কাতার এয়ারওয়েজের একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজকে খুব কাছাকাছি দেখতে পায়। কাতার এয়ারওয়েজের উড়োজাহাজটি তখন একটি এয়ারক্রাফট টাগের মাধ্যমে টেনে নেওয়া হচ্ছিল।
পরিস্থিতি বুঝতে পেরে উভয় উড়োজাহাজ দ্রুত থামানো হয়। তবে আকস্মিকভাবে ব্রেক করার কারণে জেটস্টারের একজন কেবিন ক্রু সদস্য আহত হন। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, কাতার এয়ারওয়েজের বোয়িং ৭৭৭-এর সামনের চাকা এবং সেটিকে টেনে নেওয়া টাগবোটের মধ্যকার সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে উড়োজাহাজ দুটির মধ্যে সরাসরি সংঘর্ষ হয়নি।
ঘটনাটির কারণ জানতে তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো। অস্ট্রেলিয়ার জাতীয় বিমান সংস্থা কোয়ান্টাসও ঘটনাটি তদন্ত করছে।
জেটস্টারের একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের উড়োজাহাজটি এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশনা অনুসরণ করছিল। এ সময় অন্য একটি উড়োজাহাজ খুব কাছে চলে আসায় পাইলটদের জোরে ব্রেক করতে হয়।
ঘটনাটি নিয়ে কাতার এয়ারওয়েজের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। তদন্ত শেষ হলে সিডনি বিমানবন্দরের টারম্যাকে কীভাবে দুই উড়োজাহাজ এত কাছাকাছি চলে এসেছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।