
বিগত সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল। তিনি বলেছেন, শিক্ষাব্যবস্থার সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে। একই সঙ্গে শিক্ষকদের জীবনমান উন্নয়নেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
শনিবার নাটোরের লালপুর উপজেলার বরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয় ও বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
ফারজানা শারমীন পুতুল বলেন, শিক্ষার্থীদের প্রয়োজনীয় পাঠ বিদ্যালয়ের শ্রেণিকক্ষেই শেষ করতে হবে। এ জন্য প্রয়োজনে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, শিক্ষার্থীদের বিদ্যালয়ের বাইরে প্রাইভেট পড়ার ওপর নির্ভরশীলতা কমিয়ে স্কুলেই প্রয়োজনীয় শিক্ষা ও সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন।
শিক্ষকদের প্রাইভেট পড়ানো প্রসঙ্গে প্রতিমন্ত্রী কঠোর অবস্থানের কথা জানান। তিনি বলেন, কোনো শিক্ষক নির্দেশনা অমান্য করে প্রাইভেট পড়ালে তাঁর এমপিও বন্ধ করে দেওয়া হতে পারে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিদ্যালয়ের উন্নয়ন বরাদ্দ বন্ধ করার কথাও জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিদ্যালয়েই পাঠদান সম্পন্ন করার দিকে নজর দিতে হবে। শিক্ষকরা বিদ্যালয়ের বাইরে প্রাইভেট পড়ানোর পরিবর্তে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা শ্রেণিকক্ষেই দেবেন—এমন পরিবেশ তৈরি করা জরুরি।
মতবিনিময় সভায় স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষক-শিক্ষার্থীদের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় স্থানীয় রাজনৈতিক নেতা, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।