
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নৌপথে বরিশাল সফরে গেছেন। রবিবার (৯ আগস্ট) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে তাঁর বরিশাল ভ্রমণের বিভিন্ন ছবি প্রকাশ করা হয়। সফরকালে তিনি বরিশালের ঐতিহ্যবাহী বিভিন্ন স্থান পরিদর্শন করবেন বলে জানা গেছে।
মার্কিন দূতাবাসের প্রকাশ করা ছবির ক্যাপশনে ব্রেন্ট ক্রিস্টেনসেন লিখেছেন, ‘নৌকা দিয়ে মনোরম জলপথের দেশ পরিদর্শন। বরিশালে এসে দারুণ লাগছে!’ ছবিতে তাকে লঞ্চের ডেকে বসে নৌপথে বরিশালের উদ্দেশে ভ্রমণ করতে দেখা যায়।
বরিশাল সফরের পাশাপাশি আজ ঝালকাঠির ভীমরুলি পেয়ারা বাগান ও ভাসমান পেয়ারা হাট পরিদর্শনের কথা রয়েছে মার্কিন রাষ্ট্রদূতের। সেখানে তিনি পেয়ারা বাগান ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।
ভীমরুলির ভাসমান পেয়ারা হাট বরিশাল অঞ্চলের অন্যতম পরিচিত স্থানীয় বাজার ও পর্যটন আকর্ষণ। নৌপথনির্ভর এ বাজারে স্থানীয়ভাবে উৎপাদিত পেয়ারা নৌকায় করে বিক্রি করা হয়।
এর আগে ২০১৯ সালে তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ভীমরুলির ভাসমান পেয়ারা হাট পরিদর্শন করেছিলেন। তিনিও নৌকায় করে হাট ঘুরে দেখেন এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন।
এবার ব্রেন্ট ক্রিস্টেনসেনের বরিশাল ও ঝালকাঠি সফরে স্থানীয় ঐতিহ্য, নৌপথ এবং কৃষিভিত্তিক অর্থনীতির সঙ্গে পরিচিত হওয়ার কর্মসূচি রয়েছে। মার্কিন দূতাবাসের প্রকাশিত ছবি ও তথ্য অনুযায়ী, সফরের অংশ হিসেবে তিনি স্থানীয় পরিবেশ ও জীবনযাত্রার বিভিন্ন দিক সরেজমিনে দেখবেন।