
নাটোরের গুরুদাসপুরে বাস ও গরুবাহী ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে তিন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নয়াবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার লক্ষ্মীপুর ধামানিপাড়া গ্রামের গরু ব্যবসায়ী আব্দুর রহমান (৭০), আক্কাছ আলী (৫৫) ও তার ভাই জাহাঙ্গীর আলম (৪৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসের সঙ্গে গরুবাহী ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ভুটভুটিতে থাকা এক গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত কয়েকজনকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
আহত চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গরুবাহী ভুটভুটি নিয়মিত মহাসড়কে চলাচল করলেও এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। তাদের দাবি, মহাসড়কে এ ধরনের যান চলাচল বন্ধ করা গেলে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ভুটভুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ওসি আরও জানান, মহাসড়কে অবৈধ যান চলাচলের বিরুদ্ধে নিয়মিত মামলা ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।