
সুনামগঞ্জের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে এসে গোসল করতে গিয়ে আলী আকবর খান (৭২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে টাঙ্গুয়ার হাওরের প্রবেশমুখ ওয়াচ টাওয়ারসংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আলী আকবর খান সিরাজগঞ্জ সদর উপজেলার গুণেরগাতি গ্রামের মৃত আহমেদ আলী খানের ছেলে। বর্তমানে তিনি সাভারের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটির বি-১ ব্লকে পরিবারের সঙ্গে বসবাস করতেন।
নিহতের সঙ্গে থাকা পর্যটক আনিসুর রহমান জানান, আলী আকবর খান আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার বিকেলে ওয়াচ টাওয়ারসংলগ্ন এলাকায় একটি করচ গাছ ধরে গোসল করার সময় হঠাৎ তার হাত ফসকে যায় এবং তিনি পানিতে তলিয়ে যেতে থাকেন। সঙ্গে থাকা অন্য পর্যটকেরা দ্রুত তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাশাদ আহমদ জানান, বিকেল ৫টার দিকে তাকে হাসপাতালে আনা হলেও হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। স্বজনদের কাছ থেকে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন।
পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শুক্রবার সকালে নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর ঘাট থেকে ৩২ জন পর্যটক একটি নৌকায় করে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে আসেন। ওই দলে আলী আকবর খান, তার স্ত্রী, মেয়ে ও জামাতাও ছিলেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, গোসলের সময় গাছ থেকে হাত ফসকে পানিতে তলিয়ে যাওয়ার ঘটনাই মৃত্যুর কারণ। কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।