
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাটা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের বিশেষ অভিযানে এ সাফল্য আসে। তবে অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার পানিহাটা সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় ওষুধের একটি বড় চালান বাংলাদেশে পাচারের চেষ্টা চলছে। তথ্য পাওয়ার পর ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল দ্রুত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয়।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোররাত প্রায় ৪টার দিকে পানিহাটা সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।
বিজিবির হিসাব অনুযায়ী, জব্দ হওয়া ওষুধগুলোর আনুমানিক বাজারমূল্য ৮১ লাখ ২০ হাজার ৮০০ টাকা। উদ্ধার হওয়া ওষুধগুলো যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য পাচার রোধে তাদের নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্তপথে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, অস্ত্র, অবৈধ ওষুধ ও অন্যান্য চোরাচালান পণ্য প্রতিরোধে বিজিবির চলমান কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে