
রাজধানীজুড়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযোগে ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন, লালবাগে ২৮ জন, ওয়ারীতে ৫৯ জন, মতিঝিলে ৭৪ জন, তেজগাঁওয়ে ৫৩ জন, মিরপুরে ১১৫ জন, গুলশানে ৪৩ জন, উত্তরায় ৫২ জন, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটে ১১ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।
অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে একটি জিপগাড়ি, একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা, একটি পানির মিটার, একটি ল্যাপটপ, দুটি সিপিইউ, একটি হার্ডডিস্ক, একটি মনিটর, ২১টি মোবাইল ফোন এবং ১৩৫টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্যসহ বিভিন্ন উচ্চপদস্থ ব্যক্তিদের নাম ও স্বাক্ষরসংবলিত ৪১টি জাল সিল এবং ৩২০ পাতা অফিসিয়াল লেটারহেড জব্দ করেছে পুলিশ। এসব আলামত কীভাবে ব্যবহৃত হচ্ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।
মাদকবিরোধী অভিযানে এক কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৫৮ পিস ইয়াবা, ৭০ লিটার দেশীয় মদ এবং ৬০টি বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।