
রাজধানীর শেরেবাংলানগরে নির্মিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর অনুষ্ঠিত ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনাসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের একটি সৌজন্যমূলক মুহূর্ত সবার নজর কাড়ে।
বুধবার (৫ আগস্ট) সকালে জাদুঘর উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে আলোচনাসভায় অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি ড. মুহাম্মদ ইউনূসের হাত ধরে মঞ্চে নিজের পাশের নির্ধারিত আসনে বসান। উপস্থিত অতিথি ও দর্শকদের সামনে এই দৃশ্য আলোচনার বিষয় হয়ে ওঠে।
এর আগে ফলক উন্মোচনের মাধ্যমে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন। সেখানে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনের বিভিন্ন পর্যায়, শহীদদের স্মৃতি, আলোকচিত্র, দলিল এবং বিভিন্ন স্মারক পরিদর্শন করেন।
‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনাসভায় দেশের বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, রাজনৈতিক নেতা, কূটনীতিক, শহীদ পরিবারের সদস্য এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা। বিভিন্ন দেশের কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে অংশ নেন।
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেই ইতিহাস তুলে ধরার লক্ষ্যেই শেরেবাংলানগরে প্রতিষ্ঠা করা হয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। উদ্বোধনের পর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করার কথা রয়েছে।