
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। আগামী ৫ আগস্ট দিনজুড়ে কবিতা আবৃত্তি, সাক্ষাৎকার, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাষ্ট্রীয় বিভিন্ন কর্মসূচির সরাসরি সম্প্রচারের মাধ্যমে দিবসটি উদযাপন করবে চ্যানেলটি।
বিটিভি জানিয়েছে, দিনব্যাপী সম্প্রচারে জুলাই গণ-অভ্যুত্থানভিত্তিক বিশেষ ফিলারও প্রচার করা হবে। পাশাপাশি দিবসের তাৎপর্য তুলে ধরতে বিভিন্ন প্রযোজনায় নির্মিত বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হবে।
বিশেষ আয়োজনের সূচনা হবে বিকেল ৪টা ৫ মিনিটে। এ সময় জান্নাতুল ফেরদৌসের প্রযোজনায় প্রচারিত হবে কবিতা পাঠের অনুষ্ঠান। এরপর বিকেল ৪টা ৩০ মিনিটে ইয়াসমিন আক্তারের প্রযোজনায় আয়নাঘরের দুঃসহ স্মৃতি নিয়ে নির্মিত সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান প্রচার করা হবে।
সন্ধ্যা ৭টায় আফরোজা সুলতানার প্রযোজনায় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানভিত্তিক বিশেষ কবিতা আবৃত্তির আয়োজন থাকবে। পরে রাত ৮টা ৫০ মিনিটে হাসান রিয়াদের প্রযোজনায় জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান ও গণতন্ত্রের উত্তরাধিকার নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান সম্প্রচার করা হবে।
এরপর রাত ১০টায় মাহবুবা জ্যামিনের প্রযোজনায় নাচ, গান ও আলোচনার সমন্বয়ে একটি বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচারিত হবে। দিনশেষে রাত ১১টায় মোস্তাফিজুর রহমানের প্রযোজনায় আরও একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান সম্প্রচার করবে বিটিভি।
স্টুডিওভিত্তিক অনুষ্ঠান ছাড়াও দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কর্মসূচির সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও করেছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমটি। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। একই সঙ্গে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে আয়োজিত পুরস্কার বিতরণী ও আলোচনা অনুষ্ঠানও সরাসরি দেখানো হবে। আয়োজকদের তথ্য অনুযায়ী, উভয় অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি উপস্থিত থাকবেন।
এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানও সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, যা দিবসটির অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে।