
প্রতিবন্ধিতা যেন কোনো মানুষের স্বপ্ন, সম্ভাবনা ও এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য সমাজের প্রতিটি স্তরে সমান সুযোগ, মর্যাদা ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম।
মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশীজন সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং সেবার সুযোগ সম্প্রসারণ নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা হয়।
জেলা প্রশাসক বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই অর্থবহ ও টেকসই হয়, যখন সেই উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে সমানভাবে পৌঁছে। তিনি উল্লেখ করেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের কোনো বিচ্ছিন্ন অংশ নন; বরং তারা দেশের উন্নয়নযাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার। তাই তাদের বাদ দিয়ে কোনো উন্নয়ন পরিকল্পনা পূর্ণাঙ্গ হতে পারে না।
ফরিদা খানম বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের করুণা নয়, প্রয়োজন সমান অধিকার, মর্যাদা ও অংশগ্রহণের সুযোগ। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সেবার প্রতিটি ক্ষেত্রে তাদের সমান সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
তিনি মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত দুই বছরব্যাপী প্রকল্প এবং সিএসআইডি, সুইড বাংলাদেশ, বি-স্ক্যান, আমডা বাংলাদেশ ও অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের দীর্ঘদিনের কাজের প্রশংসা করেন। একই সঙ্গে সভায় অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা ও সুপারিশকে নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে কোনো সিদ্ধান্ত তাদের অংশগ্রহণ ছাড়া নেওয়া উচিত নয়। কারণ তাদের বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজন সম্পর্কে সবচেয়ে ভালো ধারণা তাদের নিজেদেরই রয়েছে। তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় দেশে আইন ও নীতিমালা থাকলেও সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এ সময় তিনি সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, গণপরিবহন, ফুটপাত ও অন্যান্য জনসাধারণের ব্যবহারের স্থাপনায় সার্বজনীন প্রবেশগম্যতা (Accessibility) নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অবকাঠামোগত উন্নয়ন ও সচেতনতা—দুটিই সমান গুরুত্বপূর্ণ।