
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে আবারও পাল্টাপাল্টি হামলায় প্রাণহানি বেড়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত বিভিন্ন সরকারি ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সর্বশেষ হামলায় রাশিয়ায় অন্তত ১৬ জন এবং ইউক্রেনে ১১ জন নিহত হয়েছেন। দুই দেশেই আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।
রাশিয়ার সরকারি সংবাদ সংস্থা তাস জানায়, মস্কো অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় পাঁচজন নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন। একই সময়ে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কনদ্রাতিয়েভ জানান, গেলেনদঝিকের কাছে আরখিপো-ওসিপোভকা পর্যটন গ্রামে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে। এ ঘটনায় প্রায় ৪০ জন আহত হয়েছেন।
রুশ নিয়ন্ত্রিত ক্রিমিয়ার মস্কো-নিযুক্ত প্রধান সের্গেই আকসিওনভ জানান, সেখানে নিহতের সংখ্যা বেড়ে চারজনে পৌঁছেছে এবং আহত হয়েছেন আরও দুইজন। এছাড়া সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে পৃথক হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত ও ১৭ জন আহত হওয়ার তথ্য দিয়েছেন ভারপ্রাপ্ত গভর্নর আলেকজান্ডার শুয়ায়েভ।
অন্যদিকে ইউক্রেনের দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ এলাকায় রাশিয়ার হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন জরুরি সেবা কর্মী এবং তার আট বছর বয়সী ছেলে রয়েছে। হামলার পর একটি পেট্রল স্টেশনে আগুন ধরে যায়, যার ফলে স্টেশন ও আশপাশের কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তিন শিশুসহ ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর।
এছাড়া জাপোরিঝিয়া অঞ্চলে রাতভর চালানো হামলায় দুই শিশুসহ আটজন নিহত হয়েছেন। সাম্প্রতিক মাসগুলোতে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা বাড়লেও উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে।
এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের বিলি কলোদিয়াজ ও উসপেনিভকা বসতি দখল করেছে। অপরদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ই-কমার্স প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যে দুই দেশের সামরিক ও কূটনৈতিক উত্তেজনা আরও তীব্র হচ্ছে।