
পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের (পিওজেকে) স্থানীয় সরকার নির্বাচন ঘিরে বিক্ষোভ, ভোট বয়কট এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে উত্তেজনার অভিযোগ সামনে এসেছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দাবি করেছে, মুজাফফরাবাদ বিভাগজুড়ে জনরোষ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে কয়েকটি এলাকায় ভোটগ্রহণ ব্যাহত হয়েছে।
পিটিআইর পিওজেকে শাখার নেতা খাজা ইজাজ রফিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, ভোটগ্রহণ শুরুর আগেই মুজাফফরাবাদ শহর ও আশপাশের এলাকায় বিক্ষোভ শুরু হয়। তার দাবি, বিভিন্ন সড়ক অবরোধ করা হয় এবং নিরাপত্তা বাহিনী ভোটকর্মীদের ভোটকেন্দ্রে পৌঁছে দিতে বলপ্রয়োগের চেষ্টা করে।
তিনি আরও অভিযোগ করেন, খুরি থেকে নওসেরি পর্যন্ত নীলম সড়কে গুলির ঘটনাও ঘটেছে এবং নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বাধার মুখে পড়ে। তার ভাষ্য অনুযায়ী, এ পরিস্থিতিতে অনেক ভোটকর্মী নির্ধারিত কেন্দ্রে পৌঁছাতে পারেননি।
পিটিআইর দাবি, কোটলি ও লাচরাত নির্বাচনী এলাকার পাঞ্জগ্রান, নওসেরি-নওসুদা এবং পাঞ্জকোট ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। দলটির অভিযোগ, কর্তৃপক্ষ প্রতিকূল আবহাওয়ার কারণ দেখালেও প্রকৃত কারণ ছিল বিক্ষোভ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি।
এছাড়া পিটিআই দাবি করেছে, মুজাফফরাবাদে ভোট বর্জনের মাধ্যমে জনগণ নির্বাচন প্রত্যাখ্যান করেছে। দলটির অভিযোগ, ভোটকর্মীদের বহনের সময় পুলিশ বলপ্রয়োগ করেছে এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়েছে।
অন্যদিকে, পিটিআইর পিওজেকে শাখা জানিয়েছে, পাকিস্তান রেঞ্জার্সের হাতে কাশ্মীরিদের কথিত হত্যার প্রতিবাদে যুক্তরাজ্যের লুটন শহরেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিক্ষোভকারীরা কাশ্মীরিদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।
তবে পিটিআইর উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে পাকিস্তান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পাশাপাশি, এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করাও সম্ভব হয়নি।