
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামার প্রস্তুতি নিয়েছে উয়েফা। বিশ্বকাপ ও ক্লাব বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট পরিচালনার জন্য গঠিত নতুন প্রতিষ্ঠানের শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনাকে কেন্দ্র করে এই বিরোধের সৃষ্টি হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ও দ্য অ্যাথলেটিক–এর প্রতিবেদনে বলা হয়েছে, উয়েফা ইতোমধ্যে ফিফা এবং মার্কিন বিনিয়োগকারী জোশুয়া কুশনারকে পৃথক চিঠি পাঠিয়ে আইনি ব্যবস্থা, সালিশি এবং নিয়ন্ত্রক অভিযোগ দাখিলের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা জানিয়েছে। একই সঙ্গে পরিকল্পনা–সংক্রান্ত কোনো নথি বা ডিজিটাল তথ্য নষ্ট না করার নির্দেশও দেওয়া হয়েছে।
উয়েফার পাঠানো ছয় পৃষ্ঠার চিঠিতে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ ১৮ জন শীর্ষ কর্মকর্তার কাছে প্রকল্প–সংক্রান্ত সব নথি, ই-মেইল, আর্থিক মূল্যায়ন, বোর্ড সভার কাগজপত্র, কৌশলগত দলিল, আইনি পরামর্শ এবং চুক্তির খসড়া সংরক্ষণের দাবি জানানো হয়েছে।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফিফার নতুন অলাভজনক সহযোগী প্রতিষ্ঠান ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই)’। গত ২৮ জুলাই ফিফা ঘোষণা দেয়, প্রতিষ্ঠানটির ২০ শতাংশ শেয়ার ৪.২ বিলিয়ন ডলারে জোশুয়া কুশনারের নেতৃত্বাধীন বিনিয়োগ প্রতিষ্ঠান থ্রাইভ ইটারনাল–এর কাছে বিক্রির পরিকল্পনা রয়েছে।
তবে উয়েফাসহ বিভিন্ন মহাদেশীয় ফুটবল সংস্থার তীব্র বিরোধিতার মুখে ৩১ জুলাই ফিফা এই পরিকল্পনা থেকে সরে আসে। এর আগে উয়েফা বিশ্বকাপ বয়কটেরও হুমকি দিয়েছিল। পরে কনকাকাফ এবং এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)–ও এই প্রস্তাবের বিরোধিতা করে।
উয়েফা দাবি করেছে, পুরো প্রক্রিয়াটি ছিল অস্বচ্ছ এবং ফুটবল প্রশাসনের স্বার্থবিরোধী। সংস্থাটি জানিয়েছে, তারা এখন পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট সব নথিপত্র সংগ্রহ করে পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এদিকে, দ্য টেলিগ্রাফ ও দ্য অ্যাথলেটিকের পক্ষ থেকে মন্তব্য চাওয়া হলেও এ বিষয়ে ফিফা আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।