
ইতালির সেরি সি ক্লাব রাভেনা এফসির সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি রোনালদিনহোর সম্পৃক্ততার ঘোষণার পর ক্লাবটিকে ঘিরে তৈরি হয়েছে নজিরবিহীন আগ্রহ। পঞ্চম শতাব্দীর বাইজেন্টাইন মোজাইক ও দান্তের সমাধির জন্য পরিচিত ঐতিহাসিক শহর রাভেনা এখন বিশ্ব ফুটবলপ্রেমীদেরও আলোচনার কেন্দ্রবিন্দুতে।
প্রথমদিকে খবর ছড়িয়ে পড়ে যে, ৪৬ বছর বয়সী রোনালদিনহো প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরছেন। তবে পরে ক্লাব কর্তৃপক্ষ জানায়, এটি মূলত একটি আন্তর্জাতিক ব্র্যান্ডিং ও বাণিজ্যিক উদ্যোগ। রাভেনার নতুন মালিক ইগনাজিও সিপ্রিয়ানি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই অংশীদারিত্বের ঘোষণা দেন।
এই উদ্যোগের অংশ হিসেবে রোনালদিনহোর নিজস্ব টেকনিক্যাল অ্যাপারেল ব্র্যান্ড ‘আরটেন’-এর জার্সি পরবে রাভেনা। বিশ্বের প্রথম ক্লাব হিসেবে এই বিশেষ জার্সি ব্যবহারের সুযোগ পেয়েছে তারা। ঘোষণার পরপরই বিশেষ সংস্করণের জার্সিগুলো অনলাইনে দ্রুত বিক্রি শেষ হয়ে যায়।
রোনালদিনহোকে ঘিরে সমর্থকদের আগ্রহ বাড়ায় মৌসুমের টিকিট বিক্রিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চাহিদা বৃদ্ধির কারণে স্টেডিয়ামের টিকিটের দাম গড়ে প্রায় ১২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে একটি তৃতীয় স্তরের ক্লাব রাতারাতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে।
তবে রোনালদিনহোর মাঠের ভূমিকা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। ক্লাব মালিক ইগনাজিও সিপ্রিয়ানি জানিয়েছেন, তাকে আনুষ্ঠানিকভাবে খেলোয়াড় হিসেবে নিবন্ধন করা হয়েছে এবং অন্তত একটি প্রতিযোগিতামূলক ঘরোয়া ম্যাচে মাঠে নামানোর পরিকল্পনা রয়েছে। অন্যদিকে ক্লাবের অনারারি ভাইস-প্রেসিডেন্ট আরিয়েডো ব্রাইডা জানিয়েছেন, দীর্ঘদিন পেশাদার ফুটবলের বাইরে থাকায় তার ভূমিকা মূলত প্রচারণামূলক হবে এবং তিনি প্রাক-মৌসুম অনুশীলনেও অংশ নেবেন না।
সব মিলিয়ে রোনালদিনহো মাঠে কতটা খেলবেন, সেটি এখনো নিশ্চিত নয়। তবে তার উপস্থিতির ঘোষণাই রাভেনা এফসির জন্য বিশাল সাফল্য এনে দিয়েছে। জার্সি বিক্রি, টিকিটের চাহিদা এবং আন্তর্জাতিক প্রচারণার মাধ্যমে ক্লাবটি নতুন পরিচিতি পেয়েছে। আগামী ২০ আগস্ট মারিনা দি রাভেনার একটি স্থানীয় গ্রীষ্মকালীন উৎসবে রোনালদিনহোর অংশগ্রহণের কথাও জানানো হয়েছে, যা নিয়ে সমর্থকদের আগ্রহ তুঙ্গে।