
২০১৮ সালে ফ্রান্সের হয়ে ফিফা বিশ্বকাপ জয়ের স্মারক হিসেবে পাওয়া রেপ্লিকা ট্রফি বিক্রি করে আলোচনায় এসেছেন ডিফেন্ডার বেঞ্জামিন মেন্ডি। সম্প্রতি একটি নিলামে তিনি ট্রফিটি প্রায় ৬২ হাজার মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৬ লাখ ৬৮ হাজার টাকা) বিক্রি করেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তার সিদ্ধান্ত নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল রেডিটে ছড়িয়ে পড়া একটি কথিত বক্তব্য। সেখানে দাবি করা হয়, মেন্ডি বলেছেন ট্রফিটি তার আলমারিতে অনেক জায়গা দখল করে রেখেছিল, তাই তিনি সেটি বিক্রি করে দিয়েছেন। তবে এই বক্তব্যের সত্যতা নিশ্চিত হয়নি এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, বিষয়টির প্রকৃত কারণ ভিন্ন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান এবং স্প্যানিশ দৈনিক দিয়ারিও এএস-এর তথ্য অনুযায়ী, সমালোচনার মুখে মেন্ডি স্পষ্ট করেন যে তিনি বিশ্বকাপ জয়ের স্মৃতি বিক্রি করেননি; বিক্রি করেছেন কেবল ট্রফিটির একটি প্রতিরূপ (রেপ্লিকা)। তার ভাষায়, "আসল স্মৃতি আমার হৃদয়ে আছে, সেটি কেউ কখনো কিনতে পারবে না।"
মেন্ডি জানান, গত কয়েক বছর তার জীবনের সবচেয়ে কঠিন সময় কেটেছে। একাধিক ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে দীর্ঘদিন আদালতের মামলার মুখোমুখি থাকতে হয়েছে। যদিও পরে তিনি আদালতে নির্দোষ প্রমাণিত হন, তবু সেই সময়ে মাঠের বাইরে থাকা এবং দীর্ঘ আইনি প্রক্রিয়া তার ক্যারিয়ার ও আর্থিক অবস্থার ওপর বড় প্রভাব ফেলে।
তিনি আরও অভিযোগ করেছিলেন, মামলা চলাকালে তার সাবেক ক্লাব ম্যানচেস্টার সিটি দীর্ঘ সময় বেতন স্থগিত রাখায় তিনি আর্থিক সংকটে পড়েন। সেই সংকট সামাল দিতে বাড়ি, বিলাসবহুল গাড়ি, দামী ঘড়িসহ বিভিন্ন সম্পদ বিক্রি করতে হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার বিক্রি করেছেন বিশ্বকাপের রেপ্লিকা ট্রফিটিও।
বর্তমানে ৩২ বছর বয়সী এই ডিফেন্ডার পোল্যান্ডের ক্লাব পোগন শেচচিনের হয়ে খেলছেন। তার সঙ্গে ক্লাবটির চুক্তি রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। ট্রফি বিক্রির ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অনেকের মতে, ব্যক্তিগত আর্থিক সংকট মোকাবিলায় নিজের সম্পদ বিক্রি করা একজন খেলোয়াড়ের ব্যক্তিগত সিদ্ধান্ত।