
দেশের বাজারে কাঁচা মরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দিয়েছে সরকার। একই সঙ্গে আমদানির ওপর বিদ্যমান কর কমানোর উদ্যোগও নেওয়া হয়েছে, যাতে দ্রুত বাজারে সরবরাহ বাড়িয়ে দাম সহনীয় পর্যায়ে আনা যায়।
রোববার (২ আগস্ট) রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি বলেন, আগামীকাল থেকেই কাঁচা মরিচ আমদানি শুরু হবে। আমদানিকৃত মরিচ বাজারে পৌঁছাতে শুরু করলে আগামী দুই থেকে পাঁচ দিনের মধ্যে এর দাম কমে আসবে বলে সরকার আশা করছে।
কৃষিমন্ত্রী আরও জানান, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে। আমদানির পাশাপাশি কর কমানোর উদ্যোগ নেওয়ায় ব্যবসায়ীদের জন্য পণ্য আমদানি সহজ হবে এবং এর সুফল ভোক্তারা পাবেন।
এদিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে শান্তিনগর কাঁচাবাজার পরিদর্শনে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম।
বাজার পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী বলেন, ভোক্তাদের স্বার্থে বাজার স্থিতিশীল রাখতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। তিনি বাজার পরিস্থিতি নিয়ে বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরতে গণমাধ্যমের প্রতিও আহ্বান জানান।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের বাজার পরিস্থিতি পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা, মূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তাদের স্বস্তি নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্টদের আশা, কাঁচা মরিচ আমদানি শুরু হলে বাজারে সরবরাহ বৃদ্ধি পাবে এবং অল্প সময়ের মধ্যেই দাম স্থিতিশীল হয়ে সাধারণ ক্রেতারা স্বস্তি পাবেন।