
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’-এর পর আবারও আফরান নিশো ও তমা মির্জাকে জুটি করে নতুন একটি সিনেমা নির্মাণ করছেন নির্মাতা ভিকি জাহেদ। এমনকি কয়েকটি সংবাদমাধ্যমেও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। তবে এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন নির্মাতা নিজেই।
রোববার (২ আগস্ট) কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে ভিকি জাহেদ বলেন, “এসব খবর কোথা থেকে ছড়াচ্ছে, আমি জানি না। সম্পূর্ণ ভুয়া খবর। আমি এই জুটিকে নিয়ে কোনো সিনেমা করছি না।”
তিনি আরও বলেন, সামাজিক মাধ্যমে এমন দাবিও করা হয়েছে যে, সিনেমাটি আগামী দুর্গাপূজায় মুক্তি পাবে। বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করে ভিকি জাহেদ বলেন, “যদি আগামী পূজায় সিনেমা মুক্তি পায়, তাহলে আমরা শুটিং করলাম কবে? ছবিই তো নেই। আর নিশো ভাই ডিসেম্বরে ‘সুড়ঙ্গ ২’ নিয়ে আসবে। তাহলে এই সিনেমার শুটিং কবে হলো?”
নির্মাতা জানান, বর্তমানে তিনি তার প্রথম চলচ্চিত্র ‘পুলসিরাত’ নিয়েই পুরোপুরি ব্যস্ত। খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে। এর বাইরে আপাতত অন্য কোনো চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা নেই বলেও স্পষ্ট করেন তিনি।
আফরান নিশো ও তমা মির্জা প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধেন ২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমায়। রায়হান রাফী পরিচালিত ছবিটিতে তাদের রসায়ন দর্শকদের প্রশংসা কুড়ায়। পরে ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘দাগি’ সিনেমাতেও এই জুটি দর্শকদের মন জয় করে। ফলে তৃতীয়বার একসঙ্গে অভিনয়ের গুঞ্জন ছড়িয়ে পড়তেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল।
তবে ভিকি জাহেদের বক্তব্যে সেই গুঞ্জনের অবসান ঘটেছে। জানা গেছে, তার নির্মাণাধীন ‘পুলসিরাত’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।