
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা দ্রুত যোগদান ও বিদ্যালয়ে পদায়নের দাবিতে রাজধানীর শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন।
রবিবার (২ আগস্ট) সকালে দেশের বিভিন্ন জেলা থেকে আসা সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। পরে সেখান থেকে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
পুলিশি বাধার পর আন্দোলনকারীরা শাহবাগ থানা ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন এবং সেখানেই কর্মসূচি চালিয়ে যান। এ সময় তারা দ্রুত যোগদান ও বিদ্যালয়ে পদায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং হাতে প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন।
আন্দোলনরত শিক্ষকরা জানান, ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫’-এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেও এখনও তাদের যোগদান ও পদায়নের প্রক্রিয়া সম্পন্ন হয়নি। তারা নিয়োগ বিধিমালা-২০২৫ অনুযায়ী দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে বিদ্যালয়ে পদায়নের দাবি জানান।
তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকায় অনেকেই আর্থিক ও মানসিকভাবে ভোগান্তির মধ্যে রয়েছেন। তাই বিলম্ব না করে দ্রুত যোগদান নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।
সকাল ১১টা থেকে শুরু হওয়া এই অবস্থান কর্মসূচি দাবি পূরণ না হওয়া পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। পরিস্থিতি পর্যবেক্ষণে শাহবাগ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নির্ধারিত সময় অনুযায়ী যোগদান এবং পরবর্তী সময়ে পদায়ন ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তবে যোগদানের সময়সূচি ও বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তার কারণে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা আন্দোলনে নেমেছেন।