
ব্রাজিলের প্রতিশ্রুতিশীল কিশোর ফুটবলার মিকায়েল লিয়ান্দ্রো (১৫) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। সাও পাওলোর বয়সভিত্তিক দলের সাবেক এই খেলোয়াড়ের মৃত্যুতে দেশটির ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে আলাগোয়াস অঙ্গরাজ্যের রাজধানী মাসেওর পন্তাল দা বাররা এলাকায়।
ব্রাজিলের জনপ্রিয় সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তে জানিয়েছে, স্থানীয় সময় একটি প্রীতি ফুটবল ম্যাচ চলাকালে হঠাৎ গুলির ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন মিকায়েল। তাকে দ্রুত উদ্ধার করে স্টেট জেনারেল হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কিশোর এই ফুটবলারকে ইচ্ছাকৃতভাবে নয়, বরং ভুলবশত লক্ষ্যবস্তু বানিয়ে গুলি করা হয়েছিল। তদন্তকারীদের মতে, স্থানীয় মাদক পাচারকারী দুটি সন্ত্রাসী গোষ্ঠীর সংঘর্ষের জেরে এ হামলার ঘটনা ঘটে এবং দুর্ভাগ্যজনকভাবে মিকায়েল সেই সহিংসতার শিকার হন।
আলাগোয়াসের জাসিন্তিনহো এলাকার বাসিন্দা মিকায়েল চলতি বছরের প্রথমার্ধে সাও পাওলোর বয়সভিত্তিক দলের হয়ে কোপা ফিক্টর শিরোপা জিতেছিলেন। এরপর তিনি নিজ শহরে ফিরে সেন্ট্রো স্পোর্তিভো আলাগোয়ানো (সিএসএ)-এর অনূর্ধ্ব-১৫ দলে নিয়মিত অনুশীলন করছিলেন। ভবিষ্যতে ব্রাজিলের অন্যতম সম্ভাবনাময় ফুটবলার হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছিল।
মিকায়েলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সিএসএ। ক্লাবটির এক বিবৃতিতে বলা হয়েছে, অনূর্ধ্ব-১৫ দলের সদস্যের অকালমৃত্যুতে পুরো সিএসএ পরিবার শোকাহত। একই সঙ্গে তারা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
এদিকে, ঘটনার তদন্ত শুরু করেছেন হোমিসাইড অ্যান্ড পারসোনাল প্রোটেকশন ডিভিশনের কর্মকর্তা উয়েসলেই লিমা। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করছেন। পুলিশ হামলার প্রকৃত কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত অব্যাহত রেখেছে।