
বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের প্রত্যাশিত বদলি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, প্রয়োজনীয় সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন শুধু টেলিটকের প্রযুক্তিগত প্রস্তুতি শেষ হওয়া এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা।
শনিবার (১ আগস্ট) মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানান, অনেক শিক্ষক নিজ জেলা থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করছেন। তাদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে দ্রুত বদলি কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, দেশের প্রায় ৯৮ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়েছে। বাকি তথ্য সংগ্রহ শেষ হলে টেলিটকের মাধ্যমে আবেদন কার্যক্রম চালুর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হবে।
মাউশি সূত্রে জানা গেছে, বদলির আবেদন করার জন্য সব এমপিওভুক্ত শিক্ষককে পাসওয়ার্ড দেওয়া হবে। তবে নির্ধারিত শর্ত—নিজ জেলা, স্বামী বা স্ত্রীর জেলা কিংবা কর্মস্থল—পূরণকারী শিক্ষকরা অগ্রাধিকার ভিত্তিতে বদলির সুযোগ পাবেন।
নীতিমালা অনুযায়ী, একটি স্কুল বা কলেজ থেকে সর্বোচ্চ দুইজন শিক্ষক বদলি হতে পারবেন। তবে একই বিষয়ে শিক্ষক হলে একজনই এ সুযোগ পাবেন। এছাড়া যতগুলো শূন্য পদ থাকবে, ততজন শিক্ষক বদলির সুযোগ পাবেন।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে দূরবর্তী এলাকায় কর্মরত হাজারো এমপিওভুক্ত শিক্ষক স্বস্তি পাবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।