
শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও ভবিষ্যৎ উপযোগী নাগরিক হিসেবে গড়ে তুলতে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, শুধু পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষা নয়, বরং সহশিক্ষা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত প্রস্তুতির দিকেও সরকার সমান গুরুত্ব দিচ্ছে।
শনিবার (১ আগস্ট) টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ইছাপুর শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ে ‘মিড-ডে মিল’ কার্যক্রমের উদ্বোধন এবং অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। শিক্ষার্থীরা যাতে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারে এবং ভবিষ্যতের কর্মজীবনের জন্য নিজেদের বহুমাত্রিকভাবে প্রস্তুত করতে পারে, সে লক্ষ্যেই বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি জানান, মিড-ডে মিল কর্মসূচি শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর মতে, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিত হলে তাদের শেখার সক্ষমতাও বৃদ্ধি পাবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন প্রাথমিক স্তর থেকেই শুরু করতে হবে। এ লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে শিক্ষাবৃত্তি, শিক্ষা সহায়তা এবং অন্যান্য উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য প্রোটিনসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করার বিষয়েও সরকার পরিকল্পনা গ্রহণ করেছে।
মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, যুবসমাজ ও শিক্ষার্থীদের রক্ষায় মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। মাদকের ভয়াবহতা মোকাবিলায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
সাংবাদিক আব্দুর রাজ্জাক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান মতিন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্লা। অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুম, মিড-ডে মিল কার্যক্রম এবং শিক্ষার্থীদের জন্য পরিবেশিত খাদ্য বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।