
ডেটিং ও সম্পর্কের জগতে প্রতিনিয়ত নতুন নতুন ধারণা যুক্ত হচ্ছে। ‘সিচুয়েশনশিপ’, ‘টকিং স্টেজ’ কিংবা ‘ব্রেডক্রাম্বিং’-এর পর এবার জেন-জির মধ্যে আলোচনায় এসেছে নতুন একটি শব্দ—‘ওয়াইল্ডফ্লাওয়ারিং’ (Wildflowering)। আধুনিক এই ডেটিং ট্রেন্ডের মূল দর্শন হলো, কোনো সম্পর্ককে শুরুতেই অতিরিক্ত প্রত্যাশা, চাপ বা দ্রুত সিদ্ধান্তের মধ্যে না ফেলে স্বাভাবিক গতিতে বিকশিত হতে দেওয়া।
‘ওয়াইল্ডফ্লাওয়ার’ অর্থ বুনো ফুল, যা মানুষের পরিকল্পনায় নয়, বরং প্রকৃতির নিজস্ব নিয়মে বেড়ে ওঠে এবং উপযুক্ত সময়ে প্রস্ফুটিত হয়। একইভাবে ‘ওয়াইল্ডফ্লাওয়ারিং’ সম্পর্ককেও নির্দিষ্ট ছকে আটকে না রেখে পারস্পরিক বোঝাপড়া, সময় এবং স্বতঃস্ফূর্ততার মাধ্যমে এগিয়ে নেওয়ার কথা বলে।
সম্প্রতি ডেটিং অ্যাপ Bumble-এর মাধ্যমে এই ধারণাটি জনপ্রিয়তা পেতে শুরু করে। তাদের মতে, নতুন সম্পর্ককে চাকরির সাক্ষাৎকারের মতো শুরুতেই মূল্যায়ন না করে ধীরে ধীরে একজন আরেকজনকে জানার সুযোগ দেওয়াই স্বাস্থ্যকর সম্পর্কের ভিত্তি গড়ে তুলতে পারে।
বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাবের কারণে অনেকেই সম্পর্কের শুরুতেই ভবিষ্যৎ পরিকল্পনা, প্রতিশ্রুতি কিংবা ‘পারফেক্ট’ সম্পর্কের প্রত্যাশা তৈরি করেন। এতে অপ্রয়োজনীয় মানসিক চাপ সৃষ্টি হয় এবং অনেক সম্পর্ক অকালেই ভেঙে যায়। ‘ওয়াইল্ডফ্লাওয়ারিং’ এই চাপ কমিয়ে সম্পর্ককে স্বাভাবিকভাবে গড়ে ওঠার সুযোগ দেয়।
তবে এই ট্রেন্ডের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত অনিশ্চয়তা অনেক সময় বিভ্রান্তি তৈরি করতে পারে। কেউ কেউ প্রতিশ্রুতি এড়িয়ে যাওয়ার অজুহাত হিসেবেও এই ধারণাকে ব্যবহার করতে পারেন। তাই সম্পর্কের শুরু থেকেই প্রত্যাশা, অনুভূতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করা গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞরা বলছেন, ‘ওয়াইল্ডফ্লাওয়ারিং’ অনুসরণ করতে চাইলে পারস্পরিক সম্মান, স্বচ্ছ যোগাযোগ এবং একে অপরকে জানার জন্য পর্যাপ্ত সময় দেওয়া জরুরি। এতে সম্পর্ক আরও স্বাস্থ্যকর ও স্থায়ী হওয়ার সম্ভাবনা বাড়ে। সব মিলিয়ে, জেন-জির এই নতুন ডেটিং ট্রেন্ড আধুনিক সম্পর্ককে আরও স্বাভাবিক, চাপমুক্ত ও বাস্তবসম্মতভাবে দেখার একটি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করছে।