
বাংলাদেশের সংগীতপ্রেমীদের জন্য সুখবর। প্রথমবারের মতো ঢাকায় কনসার্ট করতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় র্যাপার, গায়ক ও গীতিকার হাসান রহিম। চলতি আগস্ট মাসেই রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারের মঞ্চে পারফর্ম করবেন তিনি। বিষয়টি শিল্পী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিশ্চিত করেছেন।
বর্তমানে ‘দিল কে পারদে’ শিরোনামের বিশ্বসংগীত সফরে ব্যস্ত সময় পার করছেন হাসান রহিম। এই সফরের অংশ হিসেবে ইতোমধ্যে উত্তর আমেরিকা, লন্ডন এবং ইউরোপের বিভিন্ন শহরে সফল কনসার্ট করেছেন তিনি। এবার সেই বিশ্ব সফরের ধারাবাহিকতায় বাংলাদেশের ভক্তদের সামনে সরাসরি গান শোনাতে ঢাকায় আসছেন এই জনপ্রিয় শিল্পী।
আগামী ২৮ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই কনসার্ট। অনুষ্ঠানটির আয়োজন করছে কেওয়াইএন আর্ট। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই অনলাইনে অগ্রিম টিকিট বিক্রির বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
আরঅ্যান্ডবি, হিপহপ ও ইন্ডি-পপ ঘরানার গানের জন্য দক্ষিণ এশিয়ার তরুণ শ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয় হাসান রহিম। বিশেষ করে কোক স্টুডিও পাকিস্তান-এর ১৪তম সিজনে প্রকাশিত ‘পিছে হাট’ গানটি তাকে আন্তর্জাতিক পরিচিতি এনে দেয়। পরে ‘তুররি জান্দি’ গানটিও শ্রোতাদের মধ্যে দারুণ সাড়া ফেলে।
এ ছাড়া তার জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘পয়সা’, ‘রাধা’, ‘ফালতু পেয়ার’, ‘অ্যায়সে কেয়সে’ এবং ‘মেহবুবা’। আধুনিক র্যাপ, আরঅ্যান্ডবি ও ইন্ডি-পপের মিশেলে তৈরি তার সংগীত তরুণ প্রজন্মের কাছে বিশেষভাবে সমাদৃত।
উল্লেখ্য, গত ২৪ জুলাই ঢাকায় কনসার্ট করে দর্শকদের মাতিয়ে যান পাকিস্তানের আরেক জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। অন্যদিকে, আজ (১ আগস্ট) রাজধানীতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ভারতের পশ্চিমবঙ্গের শিল্পী অনুপম রায়-এর কনসার্ট প্রয়োজনীয় সরকারি অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে।