
মার্কিন প্রেসিডেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী এবং সেই সম্ভাবনা যাচাই করতে আগামী সপ্তাহেই একটি মার্কিন বিনিয়োগকারী দল বাংলাদেশ সফর করবে। শনিবার (১ আগস্ট) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
সার্জিও গোর বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে বাংলাদেশের বিভিন্ন সম্ভাবনাময় খাতে মার্কিন বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়। তিনি জানান, সফররত বিনিয়োগকারীরা দেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাব্যতা সরেজমিনে মূল্যায়ন করবেন।
বিশেষ দূত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসছে। তিনি আশা প্রকাশ করেন, দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে এবং অর্থনৈতিক সম্পর্ক নতুন মাত্রা পাবে।
রোহিঙ্গা সংকট নিয়েও বৈঠকে আলোচনা হয়। সার্জিও গোর বলেন, এই সংকটের দ্রুত, টেকসই এবং রাজনৈতিক সমাধান প্রয়োজন। এ ক্ষেত্রে আসিয়ানভুক্ত প্রতিবেশী দেশসহ সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে মতবিনিময় হয়। পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পায়।
সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের কোনো প্রতিনিধির এটি অন্যতম গুরুত্বপূর্ণ বৈঠক হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠক দুই দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।