
কাবেরী নদীর পানি বণ্টনকে কেন্দ্র করে কর্নাটক ও তামিলনাড়ুর চলমান উত্তেজনার প্রভাব এবার পৌঁছেছে বিনোদন অঙ্গনেও। থালাপতি বিজয়ের বহুল আলোচিত ও সম্ভাব্য বিদায়ী সিনেমা ‘জন নায়াগন’ কর্নাটকের একাধিক প্রেক্ষাগৃহে সাময়িকভাবে প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে।
সেন্সর জটিলতার কারণে একাধিকবার মুক্তি পিছিয়ে যাওয়ার পর ২৩ জুলাই মুক্তি পাওয়া ছবিটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। তবে মুক্তির এক সপ্তাহের মধ্যেই নতুন সংকটে পড়ে সিনেমাটি। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কাবেরী পানি বিরোধকে কেন্দ্র করে কর্নাটকের বিভিন্ন এলাকায় তামিল সিনেমার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। এর জেরে মাণ্ডিয়ার গুরু শ্রী থিয়েটারসহ কয়েকটি প্রেক্ষাগৃহে ‘জন নায়াগন’-এর নির্ধারিত শো বাতিল করা হয় এবং সিনেমার পোস্টারও ছিঁড়ে ফেলা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংবেদনশীল এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি বিজয়ের পোস্টার ও প্রচারণামূলক ব্যানারও সরিয়ে ফেলা হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে তামিলভাষী মানুষের বসবাস রয়েছে এমন এলাকায় প্রশাসন অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে।
কাবেরী নদীর পানি বণ্টন নিয়ে কর্নাটক ও তামিলনাড়ুর দীর্ঘদিনের বিরোধ নতুন করে উত্তপ্ত হওয়ায় এর প্রভাব রাজনৈতিক ও সামাজিক অঙ্গন ছাড়িয়ে চলচ্চিত্র শিল্পেও পড়েছে। ফলে থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জন নায়াগন’-এর বক্স অফিস আয় কতটা ক্ষতিগ্রস্ত হবে, সেটিই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।