সন্ধ্যার পর শিক্ষার্থীদের ঘোরাফেরা ও আড্ডায় নিষেধাজ্ঞা
শিক্ষার্থীদের নিরাপত্তা, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং বর্ষা মৌসুমে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সচেতনতামূলক উদ্যোগ নিয়েছে ভাণ্ডারিয়া উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় দিনব্যাপী মাইকিংয়ের মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবক ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে একাধিক নির্দেশনা ও পরামর্শ প্রচার করা হয়।
প্রচারিত বার্তায় শিক্ষার্থীদের বিশেষ করে মাগরিবের নামাজের পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা বা আড্ডা না দিয়ে বাড়িতে অবস্থান করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান চলাকালে বিনা প্রয়োজনে দোকান, বাজার বা জনসমাগমস্থলে অবস্থান না করার পরামর্শও দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ব্যবসায়ীদের প্রতিও সতর্কবার্তা দিয়েছে। প্রচারণায় বলা হয়, ১৮ বছরের কম বয়সী কিশোরদের কাছে বিড়ি, সিগারেটসহ কোনো ধরনের তামাকজাত দ্রব্য বিক্রি করা যাবে না। এ নির্দেশনা মেনে চলার জন্য স্থানীয় ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বর্ষা মৌসুমে শিশুদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, শিশুদের খাল, বিল, ডোবা, পুকুর কিংবা গভীর পানির আশপাশে একা যেতে না দেওয়া এবং সবসময় তাদের ওপর নিবিড় নজর রাখা প্রয়োজন। এতে পানিতে ডুবে যাওয়ার মতো দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব হবে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, এই সচেতনতামূলক প্রচারণার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, শিশুদের দুর্ঘটনা থেকে রক্ষা করা এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। এ লক্ষ্যে অভিভাবক, শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।
প্রশাসনের মতে, সচেতনতা বৃদ্ধি এবং পারিবারিক তদারকি জোরদার হলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি সামাজিক শৃঙ্খলা বজায় রাখাও সহজ হবে