
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে অনিশ্চয়তা থাকলেও, শুধু নির্ধারিত সময়ে টুর্নামেন্ট আয়োজনের জন্য কোনো ধরনের আপস করতে রাজি নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। তার মতে, পরবর্তী বিপিএল আয়োজন করা হলে সেটি হতে হবে যথাযথ পরিকল্পনা ও আন্তর্জাতিক মান বজায় রেখে। বুধবার বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে বোর্ডের অবস্থান তুলে ধরেন।
তামিম ইকবাল বলেন, বিপিএল কেবল আয়োজনের জন্য আয়োজন করতে চান না। তার ভাষ্য, বর্তমানে হাতে পর্যাপ্ত সময় নেই। তাই টুর্নামেন্ট আয়োজন করা হলে সেটি সঠিক প্রস্তুতি নিয়ে, যেভাবে হওয়া উচিত ঠিক সেভাবেই আয়োজন করা হবে।
তিনি বলেন, “বিপিএল আমি কেবল করার জন্য করব না। আমার মনে হয় না হাতে পর্যাপ্ত সময় আছে। আমরা যদি সামনে বিপিএল করি, ভালোভাবে করব। যেভাবে করা দরকার সেভাবে করব।”
সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে নিজের নতুন দায়িত্ব নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট তদারকি-সংক্রান্ত কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।
এই দায়িত্বকে নিজের এবং বাংলাদেশের জন্য গর্বের বলে উল্লেখ করে তামিম বলেন, ৯ জুলাই আইসিসির প্রথম অনানুষ্ঠানিক বৈঠকে এবং ১১ ও ১২ জুলাই আনুষ্ঠানিক বোর্ড সভায় তিনি অংশ নেন। সেখানে তাকে স্বাগত জানানো হয় এবং নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগও পান।
তামিম জানান, নতুন গঠিত কমিটির দায়িত্ব হবে বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করা, নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে কি না তা মূল্যায়ন করা এবং অনিয়ম বা নীতিমালা বহির্ভূত কার্যক্রম চিহ্নিত করা। এছাড়াও আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় সুপারিশ ও পদক্ষেপ গ্রহণেও কমিটি ভূমিকা রাখবে।
তিনি বলেন, আইসিসির এই দায়িত্ব বাংলাদেশের জন্যও একটি গুরুত্বপূর্ণ অর্জন এবং আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে দেশের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করার সুযোগ তৈরি করেছে।