
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে মোট ৩০টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানান।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে মাদকদ্রব্যের পাশাপাশি দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, ছয়টি মোবাইল ফোন এবং একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানের সময় একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৫ জন, লালবাগ বিভাগ থেকে ৩৯ জন, ওয়ারী বিভাগ থেকে ৮৩ জন, মতিঝিল বিভাগ থেকে ৫৩ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৭ জন, মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৩৩ জন, গুলশান বিভাগ থেকে ৫৬ জন, উত্তরা বিভাগ থেকে ৫৪ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৮ জন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ থেকে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানে উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ১০০ গ্রাম গাঁজা এবং ৩৬৭ পিস ইয়াবা। ডিএমপি জানিয়েছে, রাজধানীতে মাদক, অস্ত্র ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের দাবি, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনতেই রাজধানীর বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে। অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে বলে আশা করছে ডিএমপি।