
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী বাকাতলা এলাকায় অভিযান চালিয়ে ২৮টি ভারতীয় গরু এবং একটি স্টিল বডির নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ হওয়া গরু ও নৌকার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে বাহিনী। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী বাকাতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সীমান্তের মেইন পিলার ১১৯০/১০-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান চালানো হয়।
অভিযানের সময় ভারত থেকে অবৈধভাবে আনা মাঝারি আকারের ২৮টি গরু এবং একটি স্টিল বডির নৌকা জব্দ করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
স্থানীয়দের অভিযোগ, বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা সীমান্ত দীর্ঘদিন ধরেই সংঘবদ্ধ চোরাকারবারিদের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই সীমান্ত দিয়ে ভারতীয় গরুর পাশাপাশি মাদক, প্রসাধনী ও অন্যান্য চোরাই পণ্য নিয়মিত বাংলাদেশে প্রবেশ করছে বলে অভিযোগ রয়েছে। তাদের দাবি, মাঝে মধ্যে অভিযান পরিচালিত হলেও চোরাচালান স্থায়ীভাবে নিয়ন্ত্রণে আরও কার্যকর ব্যবস্থা প্রয়োজন।
এ বিষয়ে বিজিবি সেক্টর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। তিনি জানান, জব্দ করা গরু ও নৌকার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সেগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে অবৈধ পণ্য প্রবেশ রোধ এবং চোরাচালান দমনে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।