
ইরানে সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর সাম্প্রতিক বিমান হামলার পর নতুন করে উত্তেজনা এড়াতে সতর্কবার্তা দিয়েছেন ইরাকের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা মুক্তাদা আল-সদর। তিনি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এবং তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলোকে ইরাকের ভূখণ্ড ব্যবহার করে কোনো ধরনের সামরিক হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন।
বুধবার (২৯ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে আল-সদর বলেন, ‘ইরাককে আরেকটি যুদ্ধে টেনে নেওয়া উচিত হবে না।’ তিনি আরও বলেন, আইআরজিসির ইরাকের ভূখণ্ড থেকে দূরে থাকা উচিত এবং মিত্র মিলিশিয়া গোষ্ঠীগুলোকেও এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে হবে, যাতে উপসাগরীয় দেশগুলো ইরাককে লক্ষ্যবস্তু করার অজুহাত পায়।
তিনি সব পক্ষকে ‘জায়নবাদী-আমেরিকান শত্রুর ষড়যন্ত্রে’ পা না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কেউ যেন ভাইকে ভাইয়ের বিরুদ্ধে সংঘাতে উসকে দেওয়ার সুযোগ না দেয়।
মুক্তাদা আল-সদর ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানিয়ে অভিযোগ করেন, কিছু সশস্ত্র গোষ্ঠী দেশটিকে একটি ‘অর্থহীন যুদ্ধে’ জড়িয়ে দিতে চাইছে। তিনি ইরাকি সরকারের প্রতি রাষ্ট্রীয় কর্তৃত্ব আরও কার্যকরভাবে প্রতিষ্ঠার আহ্বান জানান।
তিনি আরও সতর্ক করে বলেন, দেশের অভ্যন্তরে ও বাইরে সক্রিয় ‘ঘুমন্ত সন্ত্রাসী চক্র’ সাম্প্রদায়িক বিভাজনকে কাজে লাগিয়ে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। তাই বর্তমান পরিস্থিতিতে ইরাকের সবচেয়ে বেশি প্রয়োজন শান্তি ও স্থিতিশীলতা। বহু বছরের যুদ্ধ দেশের সম্পদ, অবকাঠামো ও মর্যাদার ওপর গভীর প্রভাব ফেলেছে বলেও মন্তব্য করেন তিনি।
পাশাপাশি মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর প্রতি শান্তি, সংলাপ ও পুনর্মিলনের আহ্বান জানিয়ে আল-সদর বলেন, তিনি এমন একটি মধ্যপ্রাচ্য দেখতে চান যেখানে বিদেশি সামরিক ঘাঁটি, সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে সংঘাত এবং ঔপনিবেশিক আধিপত্যের কোনো স্থান থাকবে না।
উল্লেখ্য, এর আগে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে ইরাকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় অন্তত ২০ যোদ্ধা নিহত এবং আরও অন্তত ৩২ জন আহত হয়েছেন। ওই হামলার পরই আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় সংযমের আহ্বান জানান মুক্তাদা আল-সদর।