
রাজধানীর শিকদার মেডিক্যাল কলেজ হাসপাতালে চুরির চেষ্টা এবং নিরাপত্তাকর্মীদের ওপর হামলার ঘটনায় দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর আনসার (ডিএমএ) দক্ষিণ জোনের সদস্যরা।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৫ থেকে ৬ সদস্যের একটি সংঘবদ্ধ চোরচক্র হাসপাতালের মালামাল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় দায়িত্বে থাকা আনসার সদস্য শ্রী সজীব রায়, জুয়েল রানা ও জয় শীল তাদের ধাওয়া করলে চক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
কিছুক্ষণ পর একই চক্র পুনরায় হাসপাতাল এলাকায় ফিরে এসে আনসার সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে। তবে আনসার সদস্যরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ক্যাম্পে থাকা অন্যান্য সদস্যদের সহায়তায় একটি সমন্বিত অভিযান পরিচালনা করেন।
অভিযানের একপর্যায়ে ধাওয়া করে দেশীয় অস্ত্র (চাপাতি)সহ চক্রের তিন সদস্য—মো. রনি (২২), সাব্বির (২২) ও সালাম (২১)-কে হাতেনাতে আটক করা হয়। এ সময় চক্রের অন্য সদস্যরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
আটক ব্যক্তিদের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করে জব্দ করা হয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনার পর হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পলাতক সদস্যদের শনাক্ত ও আটকের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।