
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, জনরায়ের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাব-এর আবদুস সালাম মিলনায়তনে ‘ন্যায়ভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনে বিভাজন নয় ঐক্য’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাইয়ে জাতীয় স্বার্থে যেভাবে জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল, সেই চেতনা ধারণ করেই একটি ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে হবে। তিনি দাবি করেন, ওই সময়ের গণআন্দোলন ছিল দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়।
তিনি আরও বলেন, নিরপেক্ষ নির্বাচন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপি দীর্ঘ ১৬ বছর আন্দোলন-সংগ্রাম চালিয়ে এসেছে। জুলাইয়ের আন্দোলনে ছাত্র, কৃষক, শ্রমিকসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
পানিসম্পদ মন্ত্রী জোর দিয়ে বলেন, দেশে আর কখনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে দেওয়া হবে না এবং গণতন্ত্র ধ্বংসের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা হবে। বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদের ভেতরে ও বাইরে ভিন্ন অবস্থান নেওয়ার রাজনীতি পরিহার করতে হবে এবং মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকতে হবে।
এছাড়া তিনি গণতন্ত্রকামী জনগণকে ফ্যাসিবাদ, উগ্রবাদ ও চরমপন্থার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। সভায় সভাপতিত্ব করেন সৈয়দ এহসানুল হুদা।